
মুক্তিযুদ্ধকালীন সিংগাইর থানা কমান্ডার এবং মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ ফজলুল হক খান আর নেই। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গত ১৯ মার্চ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত সাড়ে ১০টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।
তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গাজিন্দা গ্রামে (ডাকঘর: ধল্লা)। তিনি মুক্তিযুদ্ধের সময় সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে সিংগাইর থানার কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
শুক্রবার (২০ মার্চ) বাদ জুম্মা ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন নাহার (পপি) এবং সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ বীর মুক্তিযোদ্ধা মুফতেজুর রহমান বিবেক, শেখ রেজাউল করিম, নুরুল ইসলাম, আবুল হাসেম মাস্টার, খলিলুর রহমান, এমদাদ হোসেন এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মরহুমের স্বজনরা।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল হক খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা শাখা এবং জেলা বিএনপিসহ সর্বস্তরের জনগণ। নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অনলাইন ডেস্ক 



















