
ফেনী প্রতিনিধি : ফেনী সদর উপজেলার ১০ নম্বর ছনুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন ফেনী সদর উপজেলা যুবদলনেতা ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাস্টার গিয়াস উদ্দীন মীর। তিনি আসন্ন নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে জানিয়েছেন।
স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের পরিচিত মুখ গিয়াস উদ্দীন মীর। ছাত্ররাজনীতি দিয়ে রাজনৈতিক পথচলা শুরু করে তিনি বর্তমানে ফেনী সদর উপজেলা যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি সাবেক নিজামপুর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ফেনীর ছাত্রনেতা।
গিয়াস উদ্দীন মীরের ঘনিষ্ঠজনদের দাবি, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা প্রতিকূলতার মধ্যেও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা-নির্যাতনের শিকার হওয়া, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, একাধিক মামলায় কারাবরণ এবং অপহরণ ও নির্যাতনের মতো ঘটনার মুখোমুখি হওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব প্রতিকূলতার পরও তিনি রাজনীতি থেকে সরে যাননি বলে দাবি তার অনুসারীদের।
জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনেও তিনি সামনের সারিতে থেকে সক্রিয় ছিলেন বলে তার রাজনৈতিক সহকর্মীরা জানিয়েছেন।
রাজনীতির পাশাপাশি মানবিক কর্মকাণ্ড
রাজনীতির বাইরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও গিয়াস উদ্দীন মীরের সম্পৃক্ততার কথা তুলে ধরছেন স্থানীয়রা। তার অনুসারীদের ভাষ্য, ছনুয়া ইউনিয়নের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি সহযোগিতা করেন। আর্থিকভাবে অসচ্ছল নেতাকর্মী, দিনমজুর, খেটে খাওয়া মানুষ ও বিপদগ্রস্ত সাধারণ মানুষের পাশে ব্যক্তিগতভাবে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি।
এ কারণেই স্থানীয়ভাবে তাকে একজন ‘মানবিক যুবদল নেতা’ হিসেবে পরিচিত করতে চাইছেন তার সমর্থকরা।
চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা
সম্প্রতি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও স্থানীয় জনপ্রতিনিধিত্বের পরিকল্পনা জানিয়ে গিয়াস উদ্দীন মীর বলেছেন, তিনি তার নিজ ইউনিয়ন ১০ নম্বর ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। এ জন্য তিনি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন।
তার এই ঘোষণার পর ছনুয়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। দলীয় মনোনয়ন পেলে তিনি নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি করতে পারবেন বলে প্রত্যাশা করছেন তার সমর্থকরা।
তবে শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন এবং নির্বাচনে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন—তা নির্ধারিত হলে ছনুয়া ইউনিয়নের নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং সামাজিক কর্মকাণ্ডকে পুঁজি করে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাস্টার গিয়াস উদ্দীন মীর ইতোমধ্যেই ছনুয়ার নির্বাচনী আলোচনায় জায়গা করে নিয়েছেন।

রিপোর্টার নাম: 























