
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তি, ক্রীড়া সংগঠক ও প্রশাসনিক কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
নতুন কমিটিতে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমানকে সভাপতি এবং আলমগীর হোসেন (মিয়া ভাই) কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কমিটিতে আরও অন্তর্ভুক্ত রয়েছেন সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্ব মাহমুদ ফারুক, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া সংগঠকসহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
নবগঠিত কমিটির সদস্যরা একসাথে কাজ করে ক্রীড়ার মানোন্নয়ন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, এই কমিটির সমন্বিত উদ্যোগে রামগঞ্জের ক্রীড়াঙ্গন আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর 








