
সোনাগাজী প্রতিনিধি | সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মারজান হোসাইন।
উদ্বোধনকালে তিনি বলেন, পৌর এলাকার নাগরিক দুর্ভোগ কমানো এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন হলে ৯ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুবদলের সোনাগাজী উপজেলা শাখার সভাপতি খুরশিদ আলম ভূঁইয়া, সোনাগাজী পৌর যুবদলের সভাপতি ইকবাল হোসেনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে ড্রেন নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার দাবি জানান। স্থানীয়দের ভাষ্য, বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে সড়কে চলাচলসহ দৈনন্দিন কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। নতুন ড্রেন নির্মাণের মাধ্যমে এ সমস্যার কার্যকর সমাধান হবে বলে তারা আশা করছেন।
উদ্বোধন শেষে অতিথিরা নির্মাণকাজের বিভিন্ন দিক পরিদর্শন করেন। এ সময় কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার আহ্বান জানানো হয়।
রিপোর্টার নাম: 
















