
দাগনভূঞা প্রতিনিধি : ফেনীর দাগনভূঞার চাঞ্চল্যকর জাল টাকা মামলায় (এসটি-১০৭/১৫) ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আনোয়ার হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দীর্ঘদিনের প্রচেষ্টা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার ধামরাই থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আনোয়ার হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার গৌতমখালী গ্রামের শাহাজান মিয়া ও খোদেজা বেগম দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জাল টাকা সংক্রান্ত মামলায় আদালত মো. আনোয়ার হোসেনকে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আদালত থেকে ১৪ বছরের সাজা ওয়ারেন্ট জারি করা হয়।
পলাতক আসামিকে গ্রেপ্তারে দাগনভূঞা কোরাইশ মুন্সী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলেন। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আনোয়ার হোসেনের অবস্থান শনাক্ত করা হয়।
এরপর সোমবার রাতে ঢাকা জেলার ধামরাই থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে কোরাইশ মুন্সী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নাজিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আনোয়ার হোসেনকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ধামরাই থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের ১৪ বছরের সাজা ওয়ারেন্ট ছিল।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার নাম: 






















