
ছাগলনাইয়া প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে সাত ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। কর্মসূচিতে তাঁর সঙ্গে স্থানীয় শত শত বাসিন্দা অংশ নেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর গ্রামের ফেনী নদীর পাড়ে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচি চলাকালে এমপি মজনু নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সৃষ্ট নদীভাঙন ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের ক্ষয়ক্ষতি ও ভোগান্তির বিষয়েও খোঁজ নেন তিনি।
এ সময় নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিত করে যৌথ অভিযান পরিচালনার কথাও জানান তিনি।
মুন্সি রফিকুল আলম মজনু বলেন, “কার ইশারায় শুভপুরের সোনাপুর মৌজার অলিননগর এলাকায় ফেনী নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে এবং কারা করছে—চট্টগ্রামের প্রশাসনের কাছে আমি এর জবাব চাই। ছাগলনাইয়া অংশে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা থাকবে, অথচ নদীর অপর পাশে মিরসরাই অংশে বালু উত্তোলন চলবে—এটা আমি মেনে নেব না। এক নদীতে দুই ধরনের শাসন মেনে নেওয়া যায় না।
তিনি অভিযোগ করেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি নদীর দুই পাড়ের মানুষের ঘরবাড়ি, কৃষিজমি ও বসতভিটা ভাঙনের ঝুঁকিতে পড়ছে। তাঁর দাবি, সংশ্লিষ্ট এলাকায় বালু উত্তোলনের কোনো বৈধ ইজারা নেই।
স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের সরাসরি উপস্থিতিতে এ অবস্থান কর্মসূচিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, প্রশাসন কার্যকর ব্যবস্থা নিলে জগন্নাথ সোনাপুর ও আশপাশের এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে এবং নদীভাঙনের ঝুঁকি থেকে কৃষিজমি ও বসতভিটা রক্ষা করা সম্ভব হবে।
কর্মসূচিতে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের, মধুগ্রাম বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মো. জমশেদ আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বিএ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কপিল উদ্দিন সরকার, সংসদ সদস্যের একান্ত সচিব জাফর হোসেন মজুমদার, শুভপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক, সাবেক সদস্য সচিব গিয়াস উদ্দিন আইয়ুব খান, বিএনপি নেতা আবদুল মন্নান মিয়াজী, মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার নাম: 
















