
গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে আসন্ন নির্বাচনের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক দুইবারের কাউন্সিলর মোহাম্মদ আল-আমিন ইসলাম। সরেজমিনে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ বাসিন্দাই তাকে পুনরায় কাউন্সিলর হিসেবে দেখতে চান।
ওয়ার্ডবাসীর ভাষ্য অনুযায়ী, “গরিবের বন্ধু” হিসেবে পরিচিত আল-আমিন ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। রক্তদান কর্মসূচি, অসহায়দের চিকিৎসা সহায়তা, দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে গভীর রাতেও উপস্থিত হওয়া—এসব মানবিক উদ্যোগের মাধ্যমে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয় একাধিক ভোটার জানান, আল-আমিন ইসলামের কাছে আলাদা করে কিছু চাওয়ার প্রয়োজন হয় না। তিনি নিয়মিত খোঁজখবর নেন, আন্তরিক আচরণ করেন এবং ব্যক্তিগতভাবে মানুষের সমস্যার সমাধানে এগিয়ে আসেন। তাদের মতে, জনপ্রতিনিধি হিসেবে তার সহজ-সরল আচরণ এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
দায়িত্বকালীন সময়ে ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক সংস্কার, নালা উন্নয়ন, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ তার জনপ্রিয়তাকে আরও শক্তিশালী করেছে বলে এলাকাবাসীর দাবি।
এ বিষয়ে মোহাম্মদ আল-আমিন ইসলাম মুঠোফোনে বলেন, “আমি কাউন্সিলর হিসেবে ১২ নম্বর ওয়ার্ডবাসীর কাছ থেকে সবসময় ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকতে চাই। ওয়ার্ডবাসী শুধু আমার ভোটার নন—তারা আমার পরিবারের সদস্যের মতো।”
এলাকাবাসীর প্রত্যাশা, আগামী দিনেও তিনি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবেন। এখন দেখার বিষয়, নির্বাচনী মাঠে এই জনসমর্থন কতটা প্রতিফলিত হয় ভোটের ফলাফলে।
মোঃ শিহাব উদ্দিন, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ 























