
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার ঈদগা মাঠে ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই মেলাটি পহেলা বৈশাখ উপলক্ষে স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।
তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একে এম ফজলুল হক মিলন। তিনি লাল ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
‘নেশা মুক্ত সমাজ চাই’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই মেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার। মেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্যের প্রতীক। নতুন বছরের আগমনে পুরনো সব জীর্ণতা দূর হয়ে যাক এবং নতুনের জয়গান ছড়িয়ে পড়ুক সর্বত্র। তিনি যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে হলে সকলকে একযোগে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
তিনি আরও বলেন, যুবকদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে, যাতে তারা সঠিক পথে পরিচালিত হয় এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসে।
মেলার আয়োজক কমিটির আহ্বায়ক মাসুদ রানা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে এই মেলার আয়োজনের মূল লক্ষ্য হলো সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করা এবং যুব সমাজকে ভালো কাজে সম্পৃক্ত রাখা। তিনি বলেন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার মাধ্যমে তরুণদের ব্যস্ত রাখা গেলে তারা মাদকসহ নানা অপরাধ থেকে দূরে থাকবে।
মেলায় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। আয়োজকরা আশা করছেন, এই বৈশাখী মেলা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মোঃ মুক্তাদির হোসেন 


















