
দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উন্নয়ন অংশীদারদের কাছে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার আহ্বান জানিয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) সংসদ সচিবালয় থেকে ভার্চুয়ালি অনুষ্ঠিত Asia Zero Emission Community প্লাস সম্মেলনে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। সম্মেলনটি পরিচালনা করেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
সম্মেলনে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পরবর্তীতে এক প্রেস ব্রিফিংয়ে হুমায়ুন কবির জানান, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার কারণে বাংলাদেশ বড় ধরনের চাপে রয়েছে এবং এই সংকট কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশ।
এছাড়া সম্মেলনে অংশ নেয় International Energy Agency এবং Asian Development Bank-এর প্রতিনিধিরা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে সংঘাত এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। এর প্রভাব বাংলাদেশেও পড়ে, যার ফলে তেল সংকট ও বাজারে অস্থিরতা তৈরি হয়।
সরকার ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রেশনিং ব্যবস্থা চালু করা এবং সরবরাহ নিয়ন্ত্রণ উল্লেখযোগ্য।
অনলাইন ডেস্ক 


















