
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজসেবক, সফল উদ্যোক্তা ও বিএনপির নেতা মরহুম মঞ্জুরুল আলম মজনুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। তিনি ছিলেন একাধারে স্বপ্নদ্রষ্টা, পরিশ্রমী, সাহসী এবং মানবিক ব্যক্তিত্ব, যিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের সততা, মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর রেখে গেছেন।
ছোটবেলা থেকেই মঞ্জুরুল আলম মজনু ছিলেন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। নিজ প্রচেষ্টায় তিনি ব্যবসায়িক খাতে সফলতা অর্জন করেন এবং মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন খামার প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করেন এবং স্থানীয় তরুণদের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
গ্রাম উন্নয়নে তার অবদান ছিল অসামান্য। দিশাবন্দ গ্রামের মানুষের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করেছেন। নবীস্বর মসজিদের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে তিনি এর অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার স্বপ্ন ছিল দিশাবন্দ নবীস্বর মসজিদকে একটি আধুনিক মডেল কমপ্লেক্সে রূপান্তর করা।
শিক্ষা ক্ষেত্রেও তিনি রেখেছেন উল্লেখযোগ্য অবদান। মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি স্থানীয় শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করেছেন।
রাজনৈতিক জীবনেও তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। তিনি মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি ৮নং খিলা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন। দলীয় কর্মকাণ্ডে তার নিষ্ঠা ও নেতৃত্ব স্থানীয়ভাবে প্রশংসিত ছিল।
তার মৃত্যুতে দিশাবন্দ গ্রামসহ লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, তিনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, বরং ছিলেন সমাজের অভিভাবক ও অসহায় মানুষের নির্ভরতার প্রতীক।
খিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব মজুমদার জানান, “মজনু ভাইয়ের দিকনির্দেশনায় আমি দীর্ঘদিন রাজনীতি করেছি। তার মতো অভিজ্ঞ ও দূরদর্শী নেতার অভাব কখনো পূরণ হওয়ার নয়।”
সবমিলিয়ে, মঞ্জুরুল আলম মজনু একজন সফল ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
মোঃ আবুল খায়ের, মনোহরগঞ্জ (কুমিল্লা) 


















