
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে পৌরসভাসহ ১০টি ইউনিয়নে প্রতিদিনই নিউমোনিয়া, জ্বর, হামসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ৩১ শয্যার রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১লা এপ্রিল পর্যন্ত ১১৯ জন রোগী ভর্তি রয়েছে। যদিও হাসপাতালের কাগজপত্রে শয্যার সংখ্যা ৫০, কার্যক্রম চলছে মাত্র ৩১ শয্যা দিয়ে।
হাসপাতালের ডাক্তার ও নার্সরা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। পরিসংখ্যান অনুযায়ী, ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত শিশুরা প্রতিদিন ৩-১২ জনের হারে নিউমোনিয়ায় ভর্তি হয়েছে। এছাড়া প্রতিদিন আউটডোরে ৩-৪ শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালের কর্মকর্তা মোঃ নাজমুল হোসেন জানিয়েছেন, জনবল সংকটের কারণে সঠিক চিকিৎসা প্রদানে সমস্যা হচ্ছে। ৫০ শয্যার হাসপাতালের ডাক্তার, নার্স ও সহকারী কর্মী সংখ্যা পর্যাপ্ত নয়। নাইটগার্ড, মালি, মেকানিকসহ বেশ কয়েকটি পদ দীর্ঘদিন শূন্য।
স্বজনরা দিশেহারা হয়ে পড়ছেন এবং স্বাস্থ্য সেবাদাতা দলও প্রতিদিন হিমশিম খাচ্ছেন। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মোঃমাসুদ রানা মনি 


















