
ফেনী প্রতিনিধি: ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাবের ফেনীর সাবেক আঞ্চলিক অফিস প্রধান মরহুম সাংবাদিক আবদুল হকের সহধর্মিণী কোহিনুর আক্তার রেখা (৫৬) জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে তিনি ঢাকার পান্থপথের শমরিতা হাসপাতালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ এইচ হামিদ আহম্মদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে প্রতি দুই দিন পরপর কিডনি ডায়ালাইসিস করাতে হচ্ছে।
পরিবার সূত্রে জানা গেছে, ২০২৩ সালে প্রথম কিডনি রোগে আক্রান্ত হন কোহিনুর আক্তার রেখা। এরপর থেকে গত প্রায় তিন বছর ধরে তিনি নিয়মিত চিকিৎসা গ্রহণ করে আসছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
মরহুম সাংবাদিক আবদুল হকের বড় ছেলে, দৈনিক ইনকিলাবের ফেনী জেলা প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুক তার মায়ের দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য আত্মীয়-স্বজন, আলেম-ওলামা, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনের কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।
তিনি বলেন, “সবার দোয়া ও আল্লাহর রহমতই এখন আমাদের পরিবারের সবচেয়ে বড় ভরসা। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।”
পরিবারের পক্ষ থেকে কোহিনুর আক্তার রেখার আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য সকলের কাছে বিশেষভাবে দোয়া কামনা করা হয়েছে।
রাকিব হোসেন 

















