
গোপালগঞ্জের মেডিকেল কলেজ হাসপাতালের গুরুত্বপূর্ণ সড়কটি আবারও অবৈধ দোকানপাট ও স্থাপনার দখলে চলে গেছে। সম্প্রতি কয়েক দফা উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুদিনের মধ্যে সড়কের দুই পাশে অস্থায়ী দোকান গড়ে ওঠেছে। ফলে অ্যাম্বুলেন্স ও জরুরি রোগী পরিবহনে উল্লেখযোগ্য বিলম্ব তৈরি হচ্ছে, যা জীবনহানির ঝুঁকি বাড়াচ্ছে।
এই সড়কটি গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মধ্যে সংযোগ স্থাপন করে। প্রতিদিন রোগীদের স্ট্রেচার বা অ্যাম্বুলেন্সে এক ভবন থেকে অন্য ভবনে স্থানান্তর করা হয়। কিন্তু দোকানপাট ও ফুটপাতে স্থাপনার কারণে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, আগে পাঁচ মিনিটের পথ বর্তমানে ১০–১৫ মিনিটে পাড়ি দিতে হচ্ছে। ফলে জরুরি মুহূর্তে রোগীর জন্য জীবনহানির ঝুঁকি তৈরি হচ্ছে। স্থানীয়রা আশা করছেন, চার লেনে সড়ক সংস্কার ও নিয়মিত নজরদারি চালালে এই সমস্যা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব হবে।
বিশেষজ্ঞরা মনে করান, কেবল উচ্ছেদই যথেষ্ট নয়; নিয়মিত তদারকি, কঠোর আইন প্রয়োগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নতুবা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি 









