
রাঙ্গামাটি জেলার কাপ্তাই জোনের জোন কমান্ডারের নির্দেশনায় এবং রাজস্থলী সাব-জোন কমান্ডারের তত্ত্বাবধানে রাজস্থলী আর্মি ক্যাম্পে হেডম্যান ও কারবারীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
(২৫ এপ্রিল) সকাল ১১টায় অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজস্থলী সাব-জোন কমান্ডার লেফটেন্যান্ট আহসান হাবীব আবীর। নিয়মিত মাসিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই সম্মেলনে স্থানীয় হেডম্যান ও কারবারীদের সঙ্গে মতবিনিময় করা হয়।
মতবিনিময়ের সময় সাব-জোন কমান্ডার স্থানীয়দের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এলাকায় কাজ করে যাচ্ছেন এবং এই অঞ্চলে দায়িত্ব পালন করতে পেরে গর্বিত।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলা করে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে।
লে. আহসান হাবীব আবীর বলেন, এই ধরনের সম্মেলনের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক আরও দৃঢ় হবে এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। দুর্গম এলাকার মানুষদের আধুনিক সুবিধার আওতায় আনার জন্য সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন রাজস্থলী সাব-জোনের জেসিও মিজানুর রহমান, ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ২ নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন মৌজার ৪ জন মেম্বার, ৫ জন হেডম্যান ও ৫৩ জন কারবারী। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি প্রতিনিধি 








