
সুনামগঞ্জের ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকীর অবসর গ্রহণ উপলক্ষে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কর্মজীবনে তাঁর শিক্ষা ও শিক্ষার্থীদের প্রতি নিষ্ঠা, আন্তরিকতা এবং অবদানের স্বীকৃতিস্বরূপ কলেজ কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ জিয়াউল হক নিউটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ কৃষ্ণ কান্ত বিশ্বাস। কলেজের প্রভাষক ফারুক হাসান ফয়সাল ও আব্দুল্লাহ আল মামুন যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকের সহধর্মিণী জাহানারা পারভীন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ তালুকদার, সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক বরুণ কিশোর চৌধুরী, সুভাষ চন্দ্র সরকার ও মানিক সিংহ বক্তব্য দেন। এ ছাড়া কলেজ ছাত্রদল নেতা আনসারুল হক ও সাদ্দাম হোসেন বক্তব্য রাখেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সাদিকুল ইসলাম চাঁদ, রায়হান আহমেদ, শেখ বাধন আহমেদ ও মাহবুব আলম রনি। অনুষ্ঠানে কলেজের অফিস সহায়ক আব্দুল হাকিম, পারভেজ আহমেদ ও সোহেল আহমেদও বক্তব্য দেন।
কলেজ সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী সিদ্দিকী ১৯৯৯ সালের ৮ মে শিক্ষকতা পেশায় যোগদান করেন। এর আগে তিনি পাঁচ বছর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা পেশায় প্রায় ২৬ বছর ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদানসহ শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিকীর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর অবদান ও স্মৃতিচারণ করেন। একই সঙ্গে তাঁর অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করেন।
দীর্ঘদিনের সহকর্মী ও প্রিয় শিক্ষকের বিদায়ে কলেজজুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় তাঁকে বিদায় জানান উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীরা।

মোঃ আবুল কালাম 









