
বরগুনার বেতাগী উপজেলায় গাছবোঝাই একটি নসিমন উল্টে গিয়ে চালক আল-আমিন (নসিমন চালক) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার দক্ষিণ ছোপখালী এলাকার মাতুব্বর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাছবোঝাই নসিমনটি চলন্ত অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এ সময় যানবাহনে থাকা ভারী গাছের নিচে চাপা পড়ে চালক আল-আমিন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আল-আমিন বেতাগী উপজেলার সোনাবাদ ইউনিয়নের হাওলাদার বাড়ির বাসিন্দা। তার পিতার নাম মোঃ কামাল হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই নসিমনটি এক পাশে কাত হয়ে উল্টে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে চালকের মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কার্যক্রমে অংশ নেন এবং পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গাছবোঝাই ও সড়কের বেহাল অবস্থার কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনাপ্রবণ এ সড়কে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে এমন প্রাণহানি এড়ানো সম্ভব।
মোঃ আল আমিন মল্লিক 



















