
ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ‘ওয়ান স্টপ মেটারনিটি ক্লিনিক’-এ ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহত নাঈমা আক্তার লিজা (২১) প্রসবের মাত্র ২০ ঘণ্টার মধ্যেই মৃত্যুবরণ করেন।
পরিবারের অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার সিজারিয়ানের মাধ্যমে সন্তান জন্মের পর থেকেই অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। তবে ক্লিনিক কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব না দিয়ে অবহেলা করে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে অন্য হাসপাতালে নেওয়া হলেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে ক্লিনিকটি সিলগালা করে দেয়। কর্তৃপক্ষ জানান, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভুক্তভোগী পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। প্রশাসন জানিয়েছে, তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে
ফেনী প্রতিনিধি 



















