
পবিত্র মাহে রমজান উপলক্ষে গোপালগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা গোপালগঞ্জ প্রতিনিধি মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আরিফ-উজ-জামান এবং গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ।
ডা. কে এম বাবর বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। যেখানে দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়ম হবে, সেখানে কোনো ছাড় দেওয়া যাবে না। সত্য প্রকাশে সাংবাদিকদের সাহসী ভূমিকা রাখতে হবে।” তিনি আরও জানান, সাংবাদিকদের উন্নয়ন ও কল্যাণে সব ধরনের সহযোগিতা করবেন।
সভায় তিনি প্রেসক্লাবের আধুনিক ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি পুলিশের ওসি ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম মোল্লা।
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি 
























