
গোপালগঞ্জে আয়োজিত এক বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই।
(২৪ এপ্রিল ২০২৬) বিকেলে গোপালগঞ্জ পুলিশ লাইনস ড্রিল শেডে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুরে গোপালগঞ্জ পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে আইজিপিকে উষ্ণ অভ্যর্থনা জানান জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গোপালগঞ্জসহ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, সদস্য এবং সিভিল স্টাফরা সভায় অংশ নেন।
সভায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের সম্মুখীন হওয়া নানা প্রতিবন্ধকতা, পেশাগত সমস্যা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয় তুলে ধরা হয়। আইজিপি মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং ধাপে ধাপে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
তিনি আরও বলেন, পুলিশের সঙ্গে জনগণের সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করতে হবে। পাশাপাশি বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার নির্দেশনা দেন তিনি।
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি 









