
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিষিদ্ধ গাইড বই শিক্ষার্থীদের কিনতে চাপ দেওয়ার অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি প্রকাশের পর সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে মানববন্ধন করেছে কয়েকজন শিক্ষক। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনার তীব্র সমালোচনা দেখা গেছে।
২৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ৬৮ নং তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমিতির সভাপতি ও দৈনিক আমার দেশ এর কোটালীপাড়া প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল রোববার বিকেলে ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি অভিযোগ করেন, বিদ্যালয়ে লেকচার প্রকাশনীর প্রতিনিধিকে নিয়ে শিক্ষার্থীদের গাইড বই কেনার জন্য প্ররোচিত করা হয়েছে।
তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, শিক্ষকরা অভিভাবকদের ওপর চাপ প্রয়োগ করেছেন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষক অশোক কুমার অধিকারী ও সহকারী শিক্ষক রসময় রত্নের নেতৃত্বে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেন। তারা অভিযোগ করেন, সাংবাদিক জুয়েল শিক্ষকদের হয়রানি করছেন।
সাংবাদিক জুয়েল বলেন, “আমি অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রকাশ করেছি। শিক্ষকতা মহান পেশা, তবে অনিয়মের তদন্ত হওয়া উচিত। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।”
ইউএনও সাগুফতা হক কালবেলা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষাবিদরা বলছেন, প্রাথমিক পর্যায়ে গাইডনির্ভর শিক্ষা শিশুদের সৃজনশীলতা ও মৌলিক শেখার জন্য ক্ষতিকর। তারা স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি 















