
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে প্রায় ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয় এবং দুই ব্যবসায়ীকে মোট এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার রাজপাট বাজারের চৌরঙ্গী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভাটিয়াপাড়া র্যাব-৬ এবং কাশিয়ানী থানা পুলিশ সহায়তা করে।
অভিযান চলাকালে ‘মেসার্স খান এন্টারপ্রাইজ’-এর মালিক রবিউল ইসলামকে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তেল ব্যবসায়ী মো. আলমগীর মোল্লাকে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্যদ্রব্য আইনে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
জব্দ করা ডিজেল থানার হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে জেলার প্রতিটি ফিলিং স্টেশনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘ট্যাগ অফিসার’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সার্বিক তদারকির জন্য অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মনিটরিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এখন নিয়মিত পাম্পে তেলের মজুত, বিক্রয়মূল্য এবং সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তারা কৃত্রিম সংকট, মজুতদারি এবং ভোক্তাদের অভিযোগ তাৎক্ষণিকভাবে সমাধান করবেন।
সম্প্রতি গোপালগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় সাধারণ মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সীমিত পরিমাণ তেল নিতে হয়েছে। এ অবস্থায় প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসনের আশা, কঠোর নজরদারির মাধ্যমে দ্রুতই তেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং বাজারে শৃঙ্খলা ফিরে আসবে।
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি 



















