
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তাজুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভোলাকোট গ্রামের তোরাব মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তাজুল ইসলাম উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের হীরাপুর গ্রামের সাজিবাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম তার পৈতৃক সূত্রে পাওয়া প্রায় ৭ শতাংশ জমির মালিকানা বুঝে নিতে ঘটনাস্থলে যান। এ সময় তার ভায়রা নুর ইসলাম, তার দুই ছেলে মাহফুজ ও শুক্কুরসহ একই বাড়ির আরও কয়েকজন মিলে হামলা চালায়। এতে গুরুতর আহত হন তাজুল ইসলাম।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন জানান, ওই জমি নিয়ে প্রায় ১০ বছর ধরে জেলা আদালতে মামলা চলমান রয়েছে, যা বিরোধের মূল কারণ।
এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং সঠিক তদন্তের মাধ্যমে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর 





















