
গোপালগঞ্জের নবীনবাগ, ঘোনাপাড়া, চাপালপাড়া, ভাটিয়াপাড়া, চর গোবরা ও মোল্লারহাটসহ বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল ফিতরের আগে প্রবাসী সমাজসেবক এম বদিউজ্জামান অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত অর্থায়নে তিনি প্রায় দুই হাজার অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করেছেন।
এসময় স্থানীয় সমাজসেবক মুন্সি রাকিবুজ্জামান পুরো কার্যক্রম তত্ত্বাবধান করেন। স্থানীয়দের সহযোগিতায় তালিকা প্রণয়ন করে পর্যায়ক্রমে চাল বিতরণ করা হয়। শুধু সাধারণ মানুষ নয়, বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত এতিম শিক্ষার্থীদের জন্যও আলাদাভাবে চাল বিতরণ করা হয়েছে।
স্থানীয়রা জানাচ্ছেন, প্রতি বছরের মতো এবারও এম বদিউজ্জামানের এই সহায়তা অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটিয়েছে। প্রবাসে থাকলেও নিজের এলাকায় মানবিক দায়িত্ব পালন করায় স্থানীয়রা তাঁর প্রশংসা করছেন।
এম বদিউজ্জামান বলেন, “প্রবাসে থাকলেও আমার হৃদয় পড়ে থাকে নিজের এলাকায়। এলাকার অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারলে সেটাই আমার সবচেয়ে বড় আনন্দ। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের মানবিক সহায়তা সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করে।
মোঃশিহাব উদ্দিন 













