
রংপুরের ছয়টি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
সভায় রংপুরের সার্বিক উন্নয়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জনসম্পদ রপ্তানি এবং কর্মমুখী শিক্ষার সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।
এছাড়া শ্যামাসুন্দরী খাল ও কেডি খালের উন্নয়ন, কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার মাঠপর্যায়ে সম্প্রসারণ, কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান, সংরক্ষণাগার স্থাপন এবং কৃষিপণ্য রপ্তানির উদ্যোগ জোরদারের বিষয়েও মতামত দেন সংসদ সদস্যরা। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি, আইটি খাতের উন্নয়ন, পীরগঞ্জে কয়লা উত্তোলন, বিসিক শিল্পনগরী ও অর্থনৈতিক অঞ্চল স্থাপন করে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবিও তুলে ধরা হয়।
সভায় বক্তব্য দেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-২ আসনের এটিএম আজহারুল ইসলাম, রংপুর-৩ আসনের মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৪ আসনের আখতার হোসেন, রংপুর-৫ আসনের গোলাম রব্বানী এবং রংপুর-৬ আসনের এমপি মাওলানা নুরুল আমিন।
এ সময় জেলা পুলিশ সুপার মারুফতা হুসাইনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রংপুরকে একটি সম্ভাবনাময় শিল্প ও কৃষিভিত্তিক অঞ্চলে রূপান্তর করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয় সভায়।
মনোয়ারুল ইসলাম, রংপুর প্রতিনিধি 















