
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় তীর্থস্থান ওড়াকান্দি ঠাকুর বাড়ি পরিদর্শন করেছেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
শনিবার (১৪ মার্চ ২০২৬) তিনি তীর্থস্থানটি পরিদর্শন করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তীর্থস্থানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিয়মিত টহল, নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ওড়াকান্দি ঠাকুর বাড়ি বাংলাদেশের মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় তীর্থস্থান। এখানে মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তাঁর পুত্র সমাজ সংস্কারক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এর জন্মস্থান অবস্থিত।
ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থান থেকেই উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক ও শিক্ষাগত উন্নয়নের লক্ষ্যে মতুয়া আন্দোলনের সূচনা হয়। ফলে প্রতিবছর দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী এখানে আগমন করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল)সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি 



















