
ব্রাক্ষণবাড়িয়া নবীনগর উপজেলার একাধিক ইউনিয়নে দীর্ঘদিন পর নতুন করে গমের চাষ শুরু হয়েছে। প্রাকৃতিক জলাশয় না থাকার কারণে সেচের সুবিধা কম থাকলেও উপজেলা কৃষি কর্মকর্তা এবং স্থানীয় কৃষকদের উদ্যোগে এই জমি ব্যবহার করা হচ্ছে এককালিন বোরোর বদলে গমের আবাদে।
এই বছর শ্রীরামপুর, শিবপুর, ইব্রাহিমপুর, রছুল্লাবাদ, বড়িকান্দি, সাতমোড়া ও জিনদপুর ইউনিয়নে প্রায় ৫৫ হেক্টর নতুন জমিতে গমের চাষ শুরু হয়েছে। মোট গমের আবাদ হয়েছে ৪০৫ হেক্টর জমিতে। উপজেলার সবচেয়ে বেশি গম আবাদ হয় শাহপুর ও রতনপুরে, যেখানে এক মাঠে প্রায় ৫০ হেক্টর জমিতে গম রোপণ করা হয়।
আগামী বছর উন্নত জাতের বারি গম ৩৩ এবং WMRI-২ সম্প্রসারণের জন্য বড়িকান্দি, রতনপুর, ইব্রাহিমপুর এবং শ্রীরামপুর ইউনিয়ন থেকে প্রায় ৪ টন বীজ সংরক্ষণ করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, “আমরা কৃষকদের পাশে থেকে উন্নত জাতের বীজ সরবরাহ, সংগ্রহসহ যাবতীয় কাজে সাহায্য করছি। লক্ষ্য, উপজেলার কোনো জমি অনাবাদি না থাকে। কৃষিতে গুরুত্ব বাড়ালে দেশে খাদ্যের মজুদ ও স্বয়ংসর্ম্পূণতা নিশ্চিত হবে।”
কৃষি সংবাদ 









