
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে অসহায়, অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী ১৫ জনের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। এই সহায়তা মানবকল্যাণমূলক দলের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি কালীগঞ্জ পূবাইল বাড়িয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. খায়রুল হাসান বক্তব্যে বলেন, “মানব সেবার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। যারা এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন।”
বিশেষ অতিথি জেলা কর্মপরিষদ সদস্য মো. মুখলেছুর রহমান খান বলেন, “জামায়াতে ইসলামী একটি ইনসাফ কায়েমের আন্দোলন। বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আমরা সবসময় মজলুম ও অসহায় মানুষের সেবা করে যাব।”
অনুষ্ঠানে কালীগঞ্জ থানা জামাতের আমীর মো. আফতাব উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল বাছেদ মোল্লা এবং মাওলানা আমিমুল এহসানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান, শারীরিক অক্ষমতা কোনো অভিশাপ নয়; সঠিক সহায়তা পেলে তারা সমাজের সম্পদে পরিণত হতে পারে। হুইলচেয়ার প্রাপ্তরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই উদ্যোগ মানবিক সহায়তা ও সমাজসেবার দৃষ্টান্ত হিসেবে পরিচিতি পাচ্ছে।
মো: মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার 



















