
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা FIFA। টুর্নামেন্ট শুরুর মাত্র ৫০ দিন আগে ১০৪টি ম্যাচের জন্য নতুন একটি টিকিট ব্যাচ আজ থেকে বিক্রি শুরু হয়েছে।
ফিফার বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর টিকিট অনলাইনে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে পাওয়া যাবে। একই সঙ্গে ফাইনাল পর্যন্ত অতিরিক্ত টিকিট পর্যায়ক্রমে ছাড়া হবে, যা চাহিদার ওপর নির্ভর করবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ইতোমধ্যে ৫০ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে, যা বিশ্বকাপ ইতিহাসে একটি বড় রেকর্ড। এর আগে ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে সর্বোচ্চ ৩.৫ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছিল।
বিশ্লেষকদের মতে, ২০২৬ বিশ্বকাপে মোট প্রায় ৭ মিলিয়ন টিকিট বাজারে আসবে, যা ইতিহাসের অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন হতে যাচ্ছে।
তবে টিকিটের উচ্চমূল্য নিয়ে ইতোমধ্যে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। ফাইনাল ম্যাচের সবচেয়ে দামি টিকিটের মূল্য ১০ হাজার ডলারেরও বেশি হওয়ায় ভক্তদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ফিফা বলছে, ‘ডায়নামিক প্রাইসিং’ এবং উচ্চ চাহিদার কারণে মূল্য নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে কিছু সংবাদমাধ্যম দাবি করেছে যে, যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ম্যাচের টিকিট বিক্রি প্রত্যাশার তুলনায় কম হচ্ছে, যদিও ফিফা এই তথ্য অস্বীকার করেছে।
খেলাধুলা ডেস্ক 





















