
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতেও গোপালগঞ্জে স্বাস্থ্যসেবা কার্যক্রমে দেখা গেছে ব্যতিক্রমী ধারাবাহিকতা। জেলার পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্নভাবে চিকিৎসাসেবা চালু রাখা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ছুটির দিনগুলোতেও জরুরি সেবার পাশাপাশি মা, শিশু ও কিশোর-কিশোরীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত ছিল। এ সময়ে মোট ১১টি নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয় এবং ১৭৯ জন সাধারণ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ঈদের মতো দীর্ঘ ছুটিতে সাধারণ মানুষ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। সেবা কার্যক্রম সচল রাখতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করেন।
স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, ছুটির সময়েও এমন মানবিক ও দায়িত্বশীল স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের আস্থা বাড়ায় এবং সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. সোহেল পারভেজের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক (সিসি) ডা. শুভ্র দেব হীরার নেতৃত্বে কার্যক্রমটি পরিচালিত হয়। সংশ্লিষ্টদের মতে, তাদের দক্ষ নেতৃত্বে পুরো সেবা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি 



















