
২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে ফেনীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। “Yes, We Can End TB: Led by Countries, Powered by People” প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেয়।
র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। তিনি যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন এবং সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলার এমওডিসি, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ন্যাশনাল টিউবারকিউলোসিস প্রোগ্রামের কর্মকর্তাবৃন্দ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর প্রতিনিধিরা।
বক্তারা বলেন, যক্ষ্মা একটি প্রতিরোধযোগ্য ও নিরাময়যোগ্য রোগ। সময়মতো শনাক্তকরণ, সঠিক চিকিৎসা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব। তারা যক্ষ্মা নির্মূলে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং যক্ষ্মা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে।
ফেনী প্রতিনিধি 



















