
পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গোপালগঞ্জ সরকারি কলেজ-এর যুব রেড ক্রিসেন্ট ইউনিট। যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে রোজাদার পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
কলেজ প্রাঙ্গণ এবং আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে এই ইফতার বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। স্বেচ্ছাসেবকরা রোজাদারদের হাতে ইফতার তুলে দেন এবং মানবিক সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ও যুব রেড ক্রিসেন্টের প্রধান উপদেষ্টা প্রফেসর শাহ মোঃ ইকবাল হোসাইন, যুব রেড ক্রিসেন্টের টিচার্স ইনচার্জ ফখরুজ্জামান (সাইকাত) এবং যুব রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিট-এর যুব প্রধান জুবায়ের খানসহ অন্যান্য স্বেচ্ছাসেবকগণ।
বক্তারা বলেন, “রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই যুব রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য।” ইফতার পেয়ে উপকৃত ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করে বলেন, “এ ধরনের উদ্যোগ আমাদের রোজা পালনে স্বস্তি এনে দিয়েছে।”
যুব রেড ক্রিসেন্টের এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি 












