
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমের একটি বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে দেড় মিনিটের বক্তব্যে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করেছেন তিনি। তবে তাঁর বক্তব্যে মন্ত্রীকে বারবার সম্বোধনের পাশাপাশি রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি, সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা এবং সরকারি চাকরিজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও উঠে আসে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও তানজিলা তাসনিম। কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে শতাধিক শাড়ি বিতরণ করা হয়।
বক্তব্যে রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন ইউএনও তানজিলা তাসনিম। তিনি বলেন, সরকার কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্ব দিচ্ছে।
ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজে দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে। এ অবস্থায় রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা করা হলে শুধু এ উপজেলা নয়, উত্তরবঙ্গের মানুষও উপকৃত হবেন।
এ বিষয়ে যথাসময়ে মন্ত্রিসভায় প্রস্তাব উত্থাপনের জন্য মন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে রাজারহাটে প্রশাসনিক ভবন উদ্বোধন এবং হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য উপহার দেওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএনও। পাশাপাশি ভিজিএফের চাল বস্তাবন্দী করার উদ্যোগের প্রশংসা করেন তিনি।
তানজিলা তাসনিমের ভাষ্য, আগে চালের বস্তা ওঠানো-নামানোর ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতো। নতুন উদ্যোগের ফলে এসব সমস্যা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ ছাড়া সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে নবম পে-স্কেল নিয়েও মন্ত্রীকে ধন্যবাদ জানান ইউএনও। তাঁর মতে, এ উদ্যোগ সরকারি চাকরিজীবীদের কাজের প্রতি উদ্দীপনা বাড়াতে ভূমিকা রাখবে।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে কক্সবাজারের ইউএনও থাকাকালে তানজিলা তাসনিমকে ঘিরে আরেকটি ঘটনা আলোচনায় আসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে এক পর্যটককে গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ওই ঘটনাকে কেন্দ্র করেও তাঁকে নিয়ে আলোচনা তৈরি হয়েছিল।
শাড়ি বিতরণ অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুর রহমান, সদস্যসচিব সাহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি, সরকারি উদ্যোগের প্রশংসা এবং চাকরিজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় বক্তব্যে তুলে ধরলেও দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ সম্বোধনের বিষয়টিই ইউএনও তানজিলা তাসনিমকে ঘিরে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে।

রিপোর্টার নাম: 










