
রাকিব হোসেন, ফেনী: ফেনী শহরের সিও অফিস এলাকায় মাদক কারবারের প্রতিবাদ করায় এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় ‘হাতকাটা’ কাদেরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিও অফিস এলাকায় মাদক কারবার নিয়ে প্রতিবাদ করাকে কেন্দ্র করে মাহী কুলিং কর্নারের ব্যবসায়ী রুবেলের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।
স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ডে কেউ প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি প্রদর্শন ও হামলার শিকার হতে হয় বলেও অভিযোগ রয়েছে।
এদিকে গ্রেপ্তারের পর আদালত থেকে জেলা কারাগারে নেওয়ার পথে পুলিশের গাড়িতে থাকা অবস্থায় ‘হাতকাটা’ কাদেরসহ এক নারী আসামি পুলিশের উপস্থিতিতে স্থানীয় লোকজন ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে প্রাণনাশের হুমকি দিয়েছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা মাদক কারবারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
রাকিব হোসেন 









