
ফেনী প্রতিনিধি: চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরীর মাদকবিরোধী কঠোর ঘোষণার পর ফেনীতে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় শহরতলীর লালপোল এলাকার বেদে পল্লীতে বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ।
শনিবার (২২ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন লালপোল বেদে পল্লীতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালপোলের বেদে পল্লীটি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও পাচারের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে—এমন অভিযোগ রয়েছে। প্রায় ৮০ থেকে ১০০টি পরিবারের বসবাস রয়েছে ওই পল্লীতে। এর মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগও রয়েছে বলে স্থানীয়দের দাবি।
মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় একাধিকবার অভিযান পরিচালনা করেছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ফেনী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ জনকে আটক করা হয়।
ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবেই লালপোল বেদে পল্লীতে অভিযান চালানো হয়েছে। আটক ১৭ জন বর্তমানে থানাহাজতে রয়েছে। রোববার (২৩ আগস্ট) জনশান্তি বিনষ্ট ও গণউপদ্রবের অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
এদিকে, গত বুধবার (১৯ আগস্ট) ফেনী পুলিশ লাইন্সে আয়োজিত এক সুধী সমাবেশে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে মাদকের মূল উৎপাটন এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
ডিআইজির ওই ঘোষণার পর ফেনীসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। পুলিশের এমন ধারাবাহিক অভিযানে মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকের বিস্তার নিয়ন্ত্রণে আসবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

রাকিব হোসেন 









