
রাকিব হোসেন, ফেনী | গ্যাস সংকটকে কেন্দ্র করে ফেনীতে গণপরিবহনে ভাড়া নৈরাজ্যের অভিযোগ উঠেছে। শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলা ও আঞ্চলিক সড়কে সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা এবং বাসে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে পরিবহন সংকট তৈরি হওয়ায় এ সুযোগকে কাজে লাগিয়ে কিছু পরিবহনচালক ও সংশ্লিষ্টরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক ও ব্যস্ত এলাকায় অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে প্রতিনিয়ত যাত্রীদের সঙ্গে চালকদের বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটছে।
ভুক্তভোগী যাত্রীরা জানান, গ্যাস সংকটের কারণে একদিকে যানবাহন পাওয়া কঠিন হয়ে পড়েছে, অন্যদিকে পাওয়া গেলেও গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া। ফলে কর্মজীবী, শিক্ষার্থী, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যেই অতিরিক্ত ভাড়া আদায়ের এমন প্রবণতা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়মিত ও কার্যকর তদারকি দেখা যাচ্ছে না। কোথাও কোথাও নির্ধারিত ভাড়ার তালিকা না থাকা এবং চালকদের ইচ্ছামতো ভাড়া নেওয়ার সুযোগ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সচেতন যাত্রীদের দাবি, গ্যাস সংকটকে কেন্দ্র করে যেন কোনো পরিবহন মালিক বা চালক সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নিতে না পারেন, সে জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে দ্রুত মাঠপর্যায়ে নজরদারি জোরদার করতে হবে। একই সঙ্গে নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান করা, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাচাই এবং অনিয়মকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
গ্যাস সংকটের কারণে এমনিতেই জনজীবনে ভোগান্তি বেড়েছে। এর সঙ্গে যদি পরিবহন ভাড়ায় অনিয়ম ও নৈরাজ্য যুক্ত হয়, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তাই সংকটের সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে।

রাকিব হোসেন 









