
লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কঠিন চ্যালেঞ্জের ইঙ্গিত দিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক Shahid Uddin Chowdhury Anee।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি দিঘলী ওয়াপদাখাল ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, এবারের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় নির্বাচন হবে। বিগত জাতীয় সংসদ নির্বাচন যেমন চ্যালেঞ্জিং ছিল, তেমনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আরও কঠিন হবে। কারণ এখানে কোনো দলীয় মার্কা না থাকায় প্রতিযোগিতা আরও জটিল হবে।
তিনি আরও বলেন, দেশে নির্বাচিত স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় তৃণমূল পর্যায়ে নানা সমস্যা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর না থাকায় গ্রামীণ উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। বর্তমানে অনেক এলাকায় জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তাদের অবশ্যই জনবান্ধব ও জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে। একাধিক প্রার্থী থাকলে বিভক্তি সৃষ্টি হবে, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর 









