
গোপালগঞ্জ সদর উপজেলায় শনিবার সংসদ সদস্য ডা. কে এম বাবরকে সংবর্ধনা দেওয়া হবে। বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে অবদান, জনকল্যাণমূলক ভূমিকা এবং মানুষের প্রত্যাশা পূরণে তাঁর ভূমিকার স্বীকৃতি জানাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করেছেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন সংসদ সদস্য ডা. কে এম বাবর। তিনি এলাকার চলমান উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা, স্থানীয় মানুষের প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপজেলা ভূমি কর্মকর্তা বুবলি শবনম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন উপজেলা বিএনপির সভাপতি লেলিন শিকদার, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, সাংগঠনিক সম্পাদক হাছানুল বান্না, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, যুবদল সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং জেলা বিএনপির সদস্য জিয়াউল কবি বিপ্লব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ এবং সঞ্চালনা করবেন উলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বাবুল।
আয়োজকেরা গোপালগঞ্জ সদর উপজেলার সর্বস্তরের জনগণকে সময়মতো উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করার আহ্বান জানিয়েছেন।
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি 



















