
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারী ও সাধারণ জনগণের ওপর সশস্ত্র হামলায় জড়িতদের কেউই ছাড় পাবে না। তারা যে বাহিনীর পোশাকেই থাকুক না কেন, সবাইকে অপরাধী হিসেবে বিবেচনা করা হবে।
সংসদে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক-এর প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ইতোমধ্যে হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনে আরও মামলা নেওয়া হবে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
এদিকে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আখতার হোসেন পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুলে এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই যোদ্ধাদের’ আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার একটি অধ্যাদেশ জারি করেছে, যা বর্তমানে সংসদে পাসের অপেক্ষায় রয়েছে।
মন্ত্রী আরও বলেন, গণ-অভ্যুত্থানের সময় হামলাকারীরা জনতার প্রতিরোধের মুখে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা তখনকার পরিস্থিতিতেই অনেকাংশে নিষ্পত্তি হয়েছে। তবে ‘জুলাই যোদ্ধাদের’ সুরক্ষায় সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন হত্যাকাণ্ডের বিচারের দাবির বিষয়ে তিনি বলেন, এসব ঘটনার বিচার করতে গেলে অতীতের বহু ঘটনা সামনে আসবে, যা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।
অনলাইন ডেস্ক 









