
দিনাজপুরের কাহারোল উপজেলায় জ্বালানি তেল নিতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে এনায়েতুল (প্রায় ৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার লতিফা ফিলিং স্টেশনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত এনায়েতুল বীরগঞ্জ উপজেলার সাতর গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে। তিনি কাহারোল উপজেলার তারকা ইউনিয়নের ইছাইল গ্রামে শ্বশুরবাড়িতে ঈদের দাওয়াতে বেড়াতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে জ্বালানি তেল নিতে এসে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন তিনি। তীব্র গরম, ভিড় এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন।
ফিলিং স্টেশনের কর্মচারীরা দ্রুত তাকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানান, অতিরিক্ত তাপমাত্রায় দীর্ঘ সময় অবস্থানের ফলে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ও পর্যাপ্ত ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার 



















