
সরকারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ জেলা ফেনী সফরে যাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি শনিবার (৭ মার্চ) থেকে ১০ মার্চ পর্যন্ত চার দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা ফেনী-৩ (দাগনভুঞ্জা-সোনাগাজী) আসনে অবস্থান করবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকার গুলশান এভিনিউস্থ বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন মন্ত্রী। রাতে দাগনভুঞ্জা উপজেলার দুলামিয়ায় নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
রোববার (৮ মার্চ) বেলা ১১টায় ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশ নেবেন মন্ত্রী। বিকেলে সোনাগাজী উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলেও অংশগ্রহণ করবেন। সোমবার (৯ মার্চ) দাগনভুঞ্জা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং উপজেলা বিএনপির ইফতার মাহফিলে অংশ নেবেন।
সফরের শেষ দিনে মঙ্গলবার (১০ মার্চ) মন্ত্রী ছোট ফেনী নদীর ওপর নির্মাণাধীন প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে ‘মুছাপুর রেগুলেটর’ প্রকল্প পরিদর্শন করবেন এবং বিকেলে রাজধানীর গুলশান এভিনিউস্থ বাসভবনের উদ্দেশে রওনা হবেন।
মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন একান্ত সচিব সাইফুল ইসলাম ও ব্যক্তিগত কর্মকর্তা মো. হাবিবুর রহমান।
ফেনী প্রতিনিধি 



















