
পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় তালেবান ও আইএস সম্পর্কিত জঙ্গি আস্তানা লক্ষ্য করে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। ইসলামাবাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, তালেবান (টিটিপি) ও তাদের সহযোগীদের সাতটি ক্যাম্পে ‘নির্ভুল অভিযান’ পরিচালনা করা হয়েছে।
পাকিস্তানের দাবি, সীমান্তবর্তী পাকতিকা ও নানগারহার প্রদেশে হামলা চালানো হয়। পাকতিকা প্রদেশের একটি ধর্মীয় স্কুলে ড্রোন হামলা হওয়ায় স্থানীয় সূত্রে নিহত ও আহতের খবর পাওয়া গেছে।
পাকিস্তান আরও জানিয়েছে, ইসলামাবাদসহ উত্তর-পশ্চিমাঞ্চলের বান্নু ও বাজাউর জেলায় সাম্প্রতিক আত্মঘাতী হামলাগুলোর সঙ্গে আফগানিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী যুক্ত ছিল। আফগান সরকারের প্রতি বারবার আহ্বান জানানো হলেও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি।
গত ৬ ফেব্রুয়ারি খাদিজাতুল কুবরা মসজিদে আইএস-এর আত্মঘাতী হামলায় অন্তত ৩১ মুসল্লি নিহত এবং ১৭০ জন আহত হন। পাকিস্তান বলেছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা তাদের অগ্রাধিকার হলেও দেশের নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ।
আন্তর্জাতিক ডেস্ক 


















