
বাংলাদেশের দর্শকরা এবার অ্যাকশন ও সাসপেন্সের এক নতুন অভিজ্ঞতা উপভোগ করতে চলেছেন। বিখ্যাত মার্কিন লেখক ডন উইন্সলরের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত ক্রাইম থ্রিলার চলচ্চিত্র ‘ক্রাইম ১০১’ ১৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে।
বার্ট লেটন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ, মার্ক রাফালো, ব্যারি কিয়োগান, মনিকা বারবারো, কোরি হকিন্স, জেনিফার জেসন লেই, নিক নল্টে ও হ্যালি বেরি।
গল্পের কেন্দ্রে রয়েছে ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চলে সংঘটিত একাধিক নিখুঁত জুয়েলারি ডাকাতি। এসব ডাকাতিতে নেই কোনো ভুল বা অপ্রয়োজনীয় সহিংসতা—সবকিছু যেন এক অদৃশ্য নিয়ম অনুসারে সম্পন্ন হচ্ছে। একজন অভিজ্ঞ পুলিশ ডিটেকটিভ এই নিয়মকে ‘ক্রাইম ১০১’ নামে অভিহিত করেন এবং তার বিশ্বাস, সব ডাকাতির পেছনে একই কৌশলী অপরাধী রয়েছে।
কিন্তু পরিস্থিতি জটিল হয় যখন একটি ডাকাতিতে অস্বাভাবিকতার ইঙ্গিত পাওয়া যায়। তখন ডিটেকটিভ বুঝতে পারেন, সাধারণ ডাকাতির পেছনে লুকিয়ে আছে বড় কোনো ষড়যন্ত্র।
২০২৩ সালে চলচ্চিত্রের স্বত্ব অর্জনের জন্য নেটফ্লিক্সকে পেছনে ফেলে অ্যামাজন বিজয়ী হয়। শুরুতে ক্রিস হেমসওয়ার্থের সঙ্গে পেদ্রো প্যাসকেল অভিনয়ের জন্য আলোচনায় ছিলেন, তবে সময়সূচির কারণে তিনি সরে যান। পরে ২০২৪ সালের মে মাসে মার্ক রাফালো ‘লু লুবেসনিক’ চরিত্রে দলে যোগ দেন।
অ্যাকশন, রহস্য এবং সাসপেন্সপ্রিয় দর্শকদের জন্য ‘ক্রাইম ১০১’ হতে পারে ফেব্রুয়ারির অন্যতম হট সিনেমা।
বিনোদন ডেস্ক 









