
মোহাম্মদ হানিফ, ফেনী |গ্যাস না থাকার গুজবেই ১০ টাকা বাড়তি আদায়, প্রতিবাদ করলেই চালকদের খারাপ আচরণ—যাত্রীদের অভিযোগ
ফেনী থেকে সোনাগাজী রুটে চলাচলকারী সিএনজি অটোরিকশা চালকদের বিরুদ্ধে ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে আদায় ও যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। যাত্রীরা জানান, নির্ধারিত ৪০ টাকার ভাড়ার পরিবর্তে ৫০ টাকা আদায় করা হচ্ছে। বিশেষ করে মঙ্গলবার ফেনীতে গ্যাস থাকবে না—এমন খবর শোনার পর থেকেই ভাড়া নৈরাজ্য আরও বেড়ে গেছে।
অভিযোগ রয়েছে, ফেনী থেকে সোনাগাজী এবং সোনাগাজী থেকে ফেনী—উভয় দিকেই যাত্রীপ্রতি অতিরিক্ত ১০ টাকা করে আদায় করছেন সিএনজি চালকরা। যাত্রীরা বাড়তি ভাড়া দিতে অস্বীকৃতি জানালে অনেক চালক রূঢ় আচরণ করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী কয়েকজন যাত্রী জানান, প্রতিদিন যাতায়াতের জন্য এই রুটের ওপর নির্ভরশীল হওয়ায় বাধ্য হয়েই বাড়তি ভাড়া দিতে হচ্ছে। একজন যাত্রী বলেন, “ভাড়া বাড়ানোর কোনো সরকারি ঘোষণা নেই। তবুও চালকরা জোর করে ১০ টাকা বেশি নিচ্ছেন। কথা বললেই খারাপ ব্যবহার করছেন।”
আরেক যাত্রী জানান, “গ্যাস থাকবে না—এই কথাটা শোনার পর থেকেই ভাড়া বাড়িয়ে দিয়েছে। কিন্তু পরে দেখা গেল অনেক সিএনজি ঠিকই চলাচল করছে। তাহলে বাড়তি ভাড়া কেন?”
স্থানীয়দের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবেই এ ধরনের ভাড়া নৈরাজ্য ঘটছে। নিয়মিত মনিটরিং না থাকায় চালকরা সুযোগ নিচ্ছেন এবং সাধারণ যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন।
এ বিষয়ে প্রশাসন ও ট্রাফিক বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন যাত্রীরা। তাদের দাবি, নির্ধারিত ভাড়া তালিকা দৃশ্যমান স্থানে টানানো এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক।

এদিকে সিএনজি চালকদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহল মনে করছে, দ্রুত ব্যবস্থা না নিলে এ ধরনের হয়রানি আরও বাড়তে পারে।
মোহাম্মদ হানিফ 










