
মোহাম্মদ হানিফ, ফেনী |সারা দেশের সাংবাদিকদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ, পেশাগত ঐক্য ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার পুনর্ব্যক্ত
দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজিত মিলন মেলা অত্যন্ত সফল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ডিসেম্বর গাজীপুর জেলার মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত গাজীপুর সাফারি পার্কে দিনব্যাপী এই মিলন মেলার আয়োজন করা হয়।

মিলন মেলায় দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও মফস্বল এলাকা থেকে আগত দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর কর্মরত সাংবাদিক, প্রতিনিধি এবং সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জাতির বিবেক হিসেবে পরিচিত এই গণমাধ্যমের সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি এক আনন্দঘন উৎসবে পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার সম্পাদক জনাব খায়রুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।
এই মিলন মেলার মাধ্যমে সাংবাদিকদের মধ্যে যে সৌহার্দ্য ও ঐক্য তৈরি হয়েছে, তা আমাদের ভবিষ্যৎ পথচলায় আরও শক্তি জোগাবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার ঢাকা বিভাগীয় প্রধান মোহাম্মদ সোহেল মিয়া। সার্বিক পরিচালনায় ছিলেন দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক ও প্রধান ভিডিও এডিটর জনাব শাহিনুর রহমান আকাশ।
তিনি বলেন”এই মিলন মেলা কেবল একটি আয়োজন নয়, এটি আমাদের পেশাগত বন্ধনকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সামনে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”
অনুষ্ঠানে পরিচিতি পর্ব, মুক্ত আলোচনা, স্মৃতিচারণসহ নানা আনন্দঘন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের পারস্পরিক মতবিনিময় ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে পেশাগত ঐক্য আরও সুদৃঢ় হয়। সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও সুন্দর আয়োজনের ফলে মিলন মেলাটি অংশগ্রহণকারীদের কাছে স্মরণীয় হয়ে ওঠে।

অনুষ্ঠানের এক বিশেষ পর্বে ফেনী সদর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হানিফকে তাঁর নিষ্ঠা, দায়িত্বশীলতা ও বিশেষ অবদানের জন্য ফেনী জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা প্রতিনিধি মোহাম্মদ হানিফ তাঁর বক্তব্যে বলেন, “দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর সঙ্গে কাজ করা আমার জন্য গর্বের।
আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে ফেনী জেলার গণমানুষের কথা তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করব।”
শেষে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মিলন মেলার আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
মোহাম্মদ হানিফ 










