
কুষ্টিয়া প্রতিনিধি | কুষ্টিয়ায় একটি বহুতল ভবনের গ্যারেজ থেকে কয়েক কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল গাড়ির সন্ধান পাওয়া গেছে, যা নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বলে নিশ্চিত করেছে পুলিশ।
সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে কুষ্টিয়া শহরের পুলিশ লাইনের সামনে অবস্থিত শাফিনা টাওয়ারের গ্যারেজে কালো রঙের একটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি রাখা হয়। গাড়িটি অস্বাভাবিকভাবে গ্যারেজে রাখা হওয়ায় সন্দেহের সৃষ্টি হলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে।
সোমবার (৯ জুন) রাতে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল গাড়িটি তল্লাশি করে। তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে সংসদ সদস্যের স্টিকারসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। যাচাই করে দেখা যায়, গাড়িটি সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নামে নিবন্ধিত।
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) স্বপন জানান, “তল্লাশির সময় গাড়ির ভেতরে এমপির স্টিকার ও মূল কাগজপত্র পাওয়া গেছে। গাড়ির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০ এবং এটি ২০২৩ সালের মডেলের টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো। বর্তমানে গাড়িটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং গ্যারেজের প্রহরীকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে।”
গ্যারেজের প্রহরী আলমগীর জানিয়েছেন, তিন মাস আগে একটি তামাক কোম্পানির দুই কর্মকর্তা গাড়িটি সেখানে রেখে যান। তিনি আরও জানান, ওই কোম্পানির বায়ারদের জন্য ভবনের দুই, তিন ও চারতলায় মোট পাঁচটি ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছে।
এই ঘটনায় শাফিনা টাওয়ারের মালিক শামসুদ্দিন আলম ওরফে শাহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ফেনী ভয়েস ২৪ সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বার্তা বাজারকে জানান, “ভবনের মালিক গাড়িটি সম্পর্কে তথ্য দেওয়ার জন্য সময় চেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আজিম আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের তিনবার নির্বাচিত সংসদ সদস্য। ২০২৪ সালের মে মাসে চিকিৎসার জন্য ভারতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে জানা যায়, কলকাতায় তিনি নির্মমভাবে খুন হন।
রিপোর্টার নাম: 









