
বিশেষ প্রতিনিধি | নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে রজনী আক্তার তুশি নামে এক নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ।
শনিবার (২৪ মে) রাত ৮টায় তাকে ইয়াবাসহ সন্দেহভাজন হিসেবে আটক করে ফতুল্লার কাশিপুর ফরাজীকান্দা স্থানীয় এলাকাবাসী।
আটক রজনী আক্তার তুশি ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য। তিনি ডেমরা সারুলিয়া স্টাফ কোয়াটার এলাকার আবুল কাশেমের মেয়ে।
ফরাজীকান্দার রুবেল মিয়ার বাড়িতে গত তিন মাস ধরে পরিচয় গোপন রেখে তুশি বাসা ভাড়া নিয়ে ছিলেন। শুক্রবার (২৩ মে) স্থানীয়দের কাছে সন্দেহ লাগলে তুশিকে নজরে রাখেন এলাকাবাসী।
পুলিশ আটক করার সময় তুশি ‘জয় বাংলা’ স্লোগান দিলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন। এ সময় পরিস্থিতি শান্ত করতে পুলিশের বেগ পোহাতে হয় এবং পরিস্থিতি কিছুটা শান্ত হলে তুশিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
ফেনী ভয়েস ২৪ সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, তুশি প্রায় ৩ মাস ধরে মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ির নিচতলার ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। বিষয়টি ছাত্র-জনতা জানতে পেরে ওই বাড়ি ঘেরাও করে থানায় খবর দেয়। পরে সদর থানা পুলিশ গিয়ে তুশিকে আটক করে নিয়ে আসে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আটক ওই আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে ডেমরা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলা রয়েছে। তিনি বর্তমানে সদর মডেল থানায় পুলিশের হেফাজতে রয়েছেন। আমরা ডেমরা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা এলেই তাদের কাছে আমরা ওই নেত্রীকে হস্তান্তর করব।
রিপোর্টার নাম: 









