
ফেনী প্রতিনিধি: নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ফেনী পৌরসভায় চালু করা হয়েছে ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘মাই ফেনী’ মোবাইল অ্যাপ। এর মাধ্যমে ঘরে বসেই পৌরবাসী বিভিন্ন নাগরিক সমস্যা জানানো, অনলাইনে আবেদন এবং সেবার অগ্রগতি তদারক করতে পারবেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ফেনী পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।
‘মাই ফেনী’ অ্যাপের মাধ্যমে পৌরবাসী ড্রেনেজ সমস্যা, ময়লা-আবর্জনা অপসারণ, সড়কবাতি মেরামতসহ বিভিন্ন নাগরিক সমস্যা সম্পর্কে অনলাইনে অভিযোগ বা আবেদন করতে পারবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে এবং তা কতদূর এগিয়েছে—সেটিও অনলাইনে পর্যবেক্ষণের সুযোগ থাকছে।
অ্যাপটির কারিগরি উন্নয়ন ও বাস্তবায়নে সহযোগিতা করেছে ইনোভেশন আইটি।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, ডিজিটাল প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের ফলে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে। পৌরবাসীকে হয়রানি ও ভোগান্তিমুক্ত সেবা দেওয়া প্রশাসনের অন্যতম লক্ষ্য। ‘মাই ফেনী’ অ্যাপ নাগরিকদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি সেবাদাতা প্রতিষ্ঠান ও সেবাগ্রহীতার মধ্যকার দূরত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. দিদারুল আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, জেলা আইসিটি কর্মকর্তা সাইফ মো. জুলকার নাঈন চৌধুরী এবং সদর উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রাশেদুল আলম।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বলছেন, ‘মাই ফেনী’ অ্যাপ চালুর ফলে পৌরসভার নাগরিক সেবা ব্যবস্থায় প্রযুক্তিনির্ভরতা বাড়ার পাশাপাশি অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর নজরদারি নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

রিপোর্টার নাম: 
















