
ফেনী প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ক্লেমন ও লাল সবুজ সোসাইটির যৌথ উদ্যোগে সারা দেশে বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘এক লক্ষ এক লাখ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ফেনীর ছয় উপজেলা—ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনভূঞা ও ফেনী সদর—এবং চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এতে স্থানীয় স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সারা দেশে এ কর্মসূচির আওতায় লাল সবুজ সোসাইটি ২৫টি জেলায় বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে সরাসরি দায়িত্ব পালন করে। এসব জেলায় সংগঠনটির প্রায় ১ হাজার ৪০০ স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। তাদের উদ্যোগে মোট ৪৫ হাজার গাছ রোপণ করা হয়।
কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশে, খোলা জায়গা এবং পরিবেশের উপযোগী বিভিন্ন স্থানে নানা প্রজাতির গাছ রোপণ করা হয়। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে।
বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। রোপণ করা গাছের পরিচর্যায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে দেশের ৫০০টি স্কুলের ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে টানা দুই বছর ক্লেমন শিক্ষাবৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আয়োজকরা জানান, বৃক্ষরোপণ কোনো একদিনের কর্মসূচি নয়; এটি পরিবেশ সুরক্ষায় দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলনের অংশ। একটি গাছ রোপণের পাশাপাশি সেটিকে বাঁচিয়ে রাখার দায়িত্বও নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যেই শিক্ষার্থীদের বৃক্ষ পরিচর্যার সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি শিক্ষাবৃত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের মতে, তরুণদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত এ কর্মসূচি পরিবেশ সুরক্ষা ও শিক্ষা—দুই ক্ষেত্রেই ইতিবাচক ভূমিকা রাখবে। ২৫টি জেলায় প্রায় ১ হাজার ৪০০ স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে ৪৫ হাজার গাছ রোপণ এবং ৫০০টি স্কুলের ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে দুই বছরব্যাপী শিক্ষাবৃত্তির উদ্যোগ কর্মসূচিটিকে একটি সমন্বিত পরিবেশ ও শিক্ষা কার্যক্রমে পরিণত করেছে।
ক্লেমন ও লাল সবুজ সোসাইটির যৌথ এ উদ্যোগের মূল লক্ষ্য শুধু বৃক্ষরোপণ নয়; বরং তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি, রোপণ করা গাছের পরিচর্যা নিশ্চিত করা এবং একটি সবুজ, সুন্দর ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক অংশগ্রহণ বাড়ানো। লাল সবুজ সোসাইটি তরুণদের নেতৃত্বে পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

রিপোর্টার নাম: 


















