
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ ও আবেগঘন।
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত এ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার সৈয়দ মোঃ আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সেলিম উদ্দীন বাহারী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পরীক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। নৈতিকতা, সুশিক্ষা ও সুন্নিয়াতের আদর্শে নিজেকে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। সততা ও নিষ্ঠার মাধ্যমে জীবনের লক্ষ্য অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সহকারী মৌলভী শাহেদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা এবং পরীক্ষার হলে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
বিদায়ী মুহূর্তে পরীক্ষার্থীদের পক্ষে জেসিয়া আক্তার এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে জান্নাতুল মাওয়া তাদের অনুভূতি প্রকাশ করেন। তাদের বক্তব্যে শিক্ষা জীবনের স্মৃতিচারণ উঠে আসে, যা উপস্থিত সকলের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানের শেষপর্বে পরীক্ষার্থীদের সফলতা, সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। আখেরি মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এতে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি 


















