
বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের কোশাষ (শশিনগর) গ্রামের কৃতি সন্তান মো: উজ্জ্বল হোসেন ধীরে ধীরে নিজের সৃজনশীল কাজের মাধ্যমে একজন পরিচিত কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জায়গা করে নিচ্ছেন।
তিনি পেশাগত জীবনে একজন শিক্ষক। বর্তমানে তিনি মাজগ্রাম এম.এ ফাজিল ডিগ্রী মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষার পাশাপাশি ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল সৃষ্টিশীল কাজের প্রতি গভীর আগ্রহ, যা তাকে ভিডিও কনটেন্ট নির্মাণে অনুপ্রাণিত করেছে।
উজ্জ্বল হোসেন মূলত সামাজিক ও মানবিক বিষয়ভিত্তিক ভিডিও তৈরি করে থাকেন। বিশেষ করে গরিব, দুঃখী ও অসহায় মানুষের জীবন সংগ্রাম তুলে ধরে তিনি সমাজে সচেতনতা তৈরির চেষ্টা করছেন। তার তৈরি ভিডিওগুলো স্থানীয় দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
তিনি গ্রামবাংলার জীবন, প্রকৃতি এবং আঞ্চলিক ভাষার বৈচিত্র্যকে কনটেন্টে তুলে ধরেন, যা দর্শকদের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সমস্যা ও সমসাময়িক বিষয়ও ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেন।
উজ্জ্বল হোসেন বিশ্বাস করেন, সঠিক বার্তা ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ছোট পরিসর থেকে শুরু করলেও তার লক্ষ্য দেশ ও মানুষের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করা।
স্থানীয়দের প্রত্যাশা, নন্দীগ্রামের এই স্বপ্নবান তরুণ ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নন্দীগ্রাম প্রতিনিধি 



















